
বিশেষ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে সড়কের পাশে গড়ে ওঠা কয়েকশত অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সোনারগাঁ থানার পুলিশ সদস্য এবং জেলা ও সোনারগাঁ থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, “মহাসড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। অবৈধ দখল ও অনিয়মের কারণে যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। নিয়মিত অভিযান ও তদারকির মাধ্যমে সড়কের শৃঙ্খলা বজায় রাখা হবে।”
উচ্ছেদ অভিযানের ফলে কাঁচপুর মোড় এলাকায় যান চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারির মাধ্যমে মহাসড়কটি স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হবে।