
মুন্সীগঞ্জ প্রতিনিধি
উপজেলাধীন আড়িয়ল ইউনিয়ন এবং তার পাশ্ববর্তী এলাকায় একসময় অসংখ্য সরকারি খাল জালের মত ছড়িয়ে ছিল। এই খাল দিয়ে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি নদীর পানি অত্র এলাকার প্রতিটি অঞ্চলে প্রবাহিত হতো। এতে করে সহজ নৌ-পরিবহন ব্যবস্থাসহ জলজ উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির মাছ ও পাখিতে এসব অঞ্চল খুবই সমৃদ্ধ ছিল। জমিগুলো ছিল পলিযুক্ত ও উর্বর। তাতে রাসায়নিক সার প্রয়োগ ব্যতিত নানা প্রজাতির ফসলাদি উৎপন্ন হতো।
এসকল খাল ছিল আড়িয়ল, বালিগাঁও, কলমা, ধীপুর, সোনারং টংগিবাড়ি, আব্দুলাপুর, বেতকাসহ আশপাশের ইউনিয়নের মানুষের একমাত্র নৌ যোগাযোগ ব্যবস্থা। খালগুলো দিয়ে ছোট লঞ্চ, পণ্যবাহী নৌকা, ট্রলার ইত্যাদি চলাচল করত। এই অঞ্চলের মানুষেরা বড় মোকাম হয়ে পদ্মা নদী, তালতলা হয়ে ইছামতি নদী এবং মিরকাদিম হয়ে ধলেশ্বরী নদীর মাধ্যমে জীবন ও জীবিকার তাগিদে দেশ-বিদেশে পারি জমাতো। গ্রামীণ পয়ঃনিষ্কাশনের পাশাপশি এই খালগুলোর মাধ্যমে মৃত পশু-পাখি, ময়লা আবর্জনাও অপসারিত হতো। কিন্তু অতীব পরিতাপের বিষয়, সেসব সরকারি খাল আজ অপরিকল্পিত বাঁধ আর অবৈধ দখলদারদের স্থাপনায় হারিয়ে গিয়ে কেবল সরকারি রেকর্ড হিসেবে পর্চা, খতিয়ান আর ম্যাপে স্থান পেয়েছে।
পদ্মা নদী হতে আসা বালিগাঁও-কলমা হতে এইসব খালের ১৮টি সংযোগ/পয়েন্টসমূহ অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় খালগুলো আজ মৃতপ্রায় স্রোতহীন পুস্করিণীতে পরিণত হয়েছে। রূপ নিয়েছে কচুরীপানার ভাগাড়ে। মাছশূণ্য, পঁচা, দুর্গন্ধ ও বিষাক্ত পানিতে জনজীবন আজ বিপন্ন। প্রাকৃতিক স্বচ্ছ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে এ অঞ্চলের মানুষেরা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা আজ হুমকীর সম্মুখীন। সাঁতার কাটা, নৌকাবাইচ বা শাপলা-শালুক আজ সুদূর অতীত বা রূপকথায় পরিণত হয়েছে।
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে এবং এতদ্ অঞ্চলের গণমানুষকে স্বাস্থ্যঝুঁকির হাত থেকে মুক্তি দেয়ার পাশাপাশি বিপন্নপ্রায় পরিবেশ রক্ষা, কৃষি জামির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি এই খালসমূহের বিভিন্ন পয়েন্টের অবৈধ ও অপরিকল্পিত বাঁধ আর স্থাপনা উচ্ছেদ করে পদ্মানদীর স্রোত প্রবাহ নিশ্চিত করা আজ সবার প্রাণের দাবী। তাই মৃত প্রায় আড়িয়ল-টঙ্গিবাড়ি খালকে বাঁচানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।