
সিলেট প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ ৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
পরে টহল দল দীর্ঘ সময় সেখানে অবস্থান করে এবং চোরাকারবারীদের ফিরে না আসায় উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকায় কাটারী নামক স্থান থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ারগান উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”